শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

অদক্ষ হয়ে বিদেশ গেলে স্বপ্ন পূরণ হবে না : অভিবাসী দিবসে জেলা প্রশাসক মাসুদ

‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব দেশ’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে।
বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ, ব্র্যাক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন এনজিওর সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। তিনি তার বক্তব্যে বিদেশ গমনেচ্ছুদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বিশ্ব দক্ষ মানুষদের বিশ্ব। কাজেই যে দেশে যাবেন, সে দেশের ভাষা এবং যে কাজে যাবেন সেই কাজ সম্পর্কে দক্ষতা অর্জন করে যাবেন। তা না হলে যে স্বপ্ন নিয়ে বিদেশ যাবেন তা স্বপ্নই থেকে যাবে। তাছাড়া বেসিক ইংরেজি ভাষাটাও শিখে যাবেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। সূচনা বক্তব্যে অভিবাসন সম্পর্কিত সার্বিক বিষয় তুলে ধরেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন— চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম। তিনি জানান, বর্তমানে টিটিসিতে জাপান, জার্মান ও কোরিয়ার ভাষা শিক্ষা কোর্স চালু আছে। আরো ৩টি দেশের ভাষা শিক্ষা কোর্স চালুর অনুমতি পাওয়া গেছে।
ইসলামী ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র অ্যাসিস্টেন্ট প্রেসিডেন্ট মোহাম্মদ আবু সাঈদ আব্দুল্লাহ তার বক্তব্যে জানান, বর্তমানে ইসলামী ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখা আবার ঘুরে দাঁড়িয়েছে। এখন ডিপোজিট প্রায় দেড়শ কোটি টাকা ছাড়িয়েছে এবং গত এক বছরে চাঁপাইনবাবগঞ্জে শুধু ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬০০ কোটি টাকার উপর।
এছাড়াও আলোচনায় অংশ নেন— প্রবাসী কল্যাণ ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক কার্তিক কুমার প্রাং; ব্র্যাকের জেলা সমন্বকারী মমেনা খাতুন; সফল প্রবাসী মো. শরিফ ও ফাতেমা খাতুন।
আলোচনা শেষে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী দুজনকে ক্রেস্ট প্রদান করা হয়।
গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। অনুষ্ঠানে বক্তব্য দেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মো: পারভেজ, আনসার ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী, ব্রাক মাইগ্রেশন প্রকল্প কর্মকর্তা জাকির হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংক রহনপুর শাখা ম্যানেজার সানাউল্লাহ, প্রবাস ফেরত মো. মামুনসহ অন্যরা।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও ব্র্যাক এর উদ্দ্যোগে র‌্যালিটি বের করা হয়।
পরে উপজেলা মিনি কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার।
এসময় নির্বাচন অফিসার দুলাল উদ্দিন, সমাজ সেবা অফিস সোহেল রানা, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার মিজানুর রহমান, প্রবাস বন্ধু ফোরাম এর সাধারণ সম্পাদক জমিরুদ্দীন, তথ্যও প্রচার সম্পাদক মুনিরুল ইসলাম উপস্তিত ছিলেন।

শেয়ার করুন