শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশীদের মহান স্বাধীনতা দিবস উদযাপিত

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় বাংলাদেশের ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার রাতে ব্রিসবেন সিটি কাউন্সিল এবং ‘বাংলাদেশ এসোসিয়েশন ইন ব্রিসবেন’ (ব্যাব)-এর যৌথ উদ্যোগে ব্রিসবেনের ঐতিহাসিক সিটি হল ভবনটিকে বাংলাদেশের জাতীয় পতাকার রঙে (লাল-সবুজ) আলোকসজ্জিত করা হয়।
রাত সাড়ে সাতটায় কিং জর্জ স্কয়ারে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সালেক সুফি। তিনি তাঁর মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। প্রবাসের মাটিতে এই লাল-সবুজের আলো আমাদের সেই দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেয়।
ড. হাফিজা খাতুন তাঁর বক্তব্যে একাত্তরে তাঁর পরিবারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সহযোগিতার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ড. রাফিউল ইসলাম। পিয়াল রহমান তাঁর বক্তব্যে প্রবাসের মাটিতে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে এমন রাজকীয় সম্মানে উদযাপন করার সুযোগ করে দেওয়ার জন্য সিটি কাউন্সিলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ এসোসিয়েশন ইন ব্রিসবেন (ব্যাব)’র প্রেসিডেন্ট সজীব মুশফিকুর রহমান আগত সকল প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন। উপস্থিত প্রবাসীরা জানান, ব্রিসবেনের মতো বড় শহরের প্রাণকেন্দ্রে নিজ দেশের পতাকার রঙে আলোকসজ্জা দেখে তারা অত্যন্ত গর্বিত এবং আপ্লুত।

শেয়ার করুন