উদ্যোক্তাদের নিয়ে অবহিতকরণ সভায় মাদক থেকে দূরে থাকার আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় পর্যায়ে তরুণ-তরুণীদের দক্ষ উদ্যোক্তা তৈরির লক্ষে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্ট্রাপ্রেনিউরশিপ প্রোগ্রাম ফর ইওথ লেড বিজনেস’ শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় এই সভার আয়োজন করা হয়।
অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। তিনি তার বক্তব্যে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
এসময় আরো বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, উপজেলা সমবায় অফিসার আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা দপ্তরের শিশু সুরক্ষা সমাজকর্মী মেফতাহুজ্জামান নয়ন, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন।
প্রকল্প সম্পর্কে ধারণা দেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক নিতিশ কুমার বাওয়ালী। প্রকল্পের কর্মসূচি উপস্থাপন করেন সংস্থাটির জেলা ব্যবস্থাপক আছিয়া খাতুন। এসময় অনুভূতি ব্যক্ত করেন প্রকল্পের প্রমিজ সাব্বির হোসেন, আব্দুল মালেক এবং সায়েদা খাতুন।
এসময় জেলা ব্র্যাকের অ্যাসোসিয়েট অফিসার সিদ্ধার্থ ব্যানার্জীসহ অন্যান্য কর্মকর্তা, প্রকল্পের ক্লাইন্ট, মেন্টরসহ বিভিন্ন উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রকল্পটিতে আর্থিকভাবে সহায়তা করছে টিকটক।
সভায় জানানো হয়- বাংলাদেশে ১৮-৩৫ বছর বয়সী ৯০০ জন যুবককে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা, যুবদের বিশেষ করে নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ উদ্যোক্তা হিসেবে তৈরি করা, যা তাদের অর্থনৈতিক সুযোগ বা জীবিকার বিভিন্ন বিকল্পগুলোকে বাড়িয়ে তুলবে, তাদের ভবিষ্যৎ অর্থনৈতিক সমৃৃদ্ধি এবং টেকসই ব্যবসার জন্য জলবায়ু সহনশীল ব্যবসা শুরু করার সুবিধা সম্পর্কে টিকটকের মাধ্যমে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।