শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

এক লাফে এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা

এপ্রিল মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।
নতুন মূল্য কাঠামো অনুযায়ী, উৎপাদক বা কোম্পানি পর্যায়ে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬৩৩ টাকা, ডিস্ট্রিবিউটর পর্যায়ে ১ হাজার ৬৮৩ টাকা ও খুচরা পর্যায়ে ১ হাজার ৭২৮ টাকা।
বিইআরসি ঘোষিত নতুন দামে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্যও সমন্বয় করা হয়েছে।
এর মধ্যে ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, ১২ দশমিক ৫ কেজি ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজি ২ হাজার ১৬১ টাকা, ১৬ কেজি ২ হাজার ৩০৫ টাকা, ১৮ কেজি ২ হাজার ৫৯৩ টাকা ও ২০ কেজি ২ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২২ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ১৬৯ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৬০১ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪২৮ টাকা।
একই সঙ্গে অটোগ্যাসের মূল্য লিটারপ্রতি ৬২ দশমিক ১৪ টাকা থেকে বাড়িয়ে ৭৯ দশমিক ৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি এলপিজি (১২ দশমিক ৫ কেজি) সিলিন্ডারের দাম আগের মতোই ৭৭৬ দশমিক ৯৩ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
বিইআরসি’র চেয়ারম্যান জানান, দেশে এলপিজি’র সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার তদারকি জোরদারের উদ্যোগ নিয়েছে। এ লক্ষে জেলা প্রশাসনের মাধ্যমে বাজার পর্যবেক্ষণ আরো শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন, দেশে মাসিক এলপিজির চাহিদা প্রায় ১ দশমিক ৫ লাখ মেট্রিক টন। সাম্প্রতিক সময়ে আমদানির পরিমাণ কিছুটা বেড়েছে, যা সরবরাহ পরিস্থিতির জন্য ইতিবাচক।
জালাল আহমেদ আরো বলেন, নির্ধারিত দামের বেশি মূল্যে কোনো পর্যায়ে এলপিজি ও অটোগ্যাস বিক্রি করা যাবে না। নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মূল্য নির্ধারণ অনুষ্ঠানে কমিশনের সদস্য মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, সৈয়দা সুলতানা রাজিয়া ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন