শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

এবারো শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পূজা উদযাপিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারো শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পূজা উদযাপিত হবে।
সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর পূজামণ্ডপ ও দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিয়োজিত থাকবে।
পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে এ বছর কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই। শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পূজা উদ্যাপিত হবে। যারা দুষ্কৃতিকারী তারা সব জায়গাতেই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে।
তিনি জানান, এখন পর্যন্ত তালিকা অনুযায়ী সারাদেশে ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা আসেনি। তবে আনুমানিক ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ২৪ ঘণ্টা পূজামণ্ডপ পর্যবেক্ষণে থাকবে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, বর্ডার এলাকায় পূজামণ্ডপের দায়িত্ব দেওয়া হবে বিজিবিকে। তবে সারাদেশেই আনসার নিয়োগ দেওয়া হবে।
তিনি আরো বলেন, ঢাকায় একটা লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে। কার পরে কে বিসর্জন দেবে, এর ধারাবাহিকতা থাকতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২৪ ঘণ্টা যাতে মণ্ডপ পর্যবেক্ষণে থাকে, সে জন্য দিনে তিনজন করে ও রাতে চারজন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। তারাও ২৪ ঘণ্টা মণ্ডপ পর্যবেক্ষণ করবেন, যাতে কোনো ধরনের সমস্যা না হয়।
তিনি বলেন, আমরা একটি নতুন অ্যাপ করে দিয়েছি, যাতে কোনো ঘটনা ঘটলে এটির মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো যাবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে।

শেয়ার করুন