ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তা করছে সরকার

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, কৃষকরা এবার অনেক আলু উৎপাদন করেছে। যদি তারা প্রকৃত দাম না পায় তাহলে হয়তোবা আগামীতে উৎসাহ হারিয়ে ফেলবে। এ জন্য সরকারের পক্ষ থেকে কৃষকদের উৎপাদিত আলু ওএমএসের (খোলা বাজারে বিক্রি) মাধ্যমে বিক্রির চিন্তা করছে।
সোমবার কৃষি মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘এবার পেঁয়াজেরও বেশ ভালো ফলন হয়েছে, যার কারণে আমদানি না করেও আমরা মোটামুটি ভালো দামে পেঁয়াজ কিনতে পারছি।’
তিনি জানান, আমাদের অনেক সংকট রয়েছে তারপরও আমরা কৃষকের উৎপাদিত কাঁচা সবজি যেমন মূলা টমেটো ফুলকপি সংরক্ষণের জন্য ১০০টি মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করতেছি। ভবিষ্যতে সারাদেশে এভাবে আরো কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে।
কৃষি উপদেষ্টা বলেন, অতীতের সরকার কৃষকের যন্ত্রপাতি ক্রয়ের নামে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করেছে। সেগুলো আমরা অনুসন্ধানের জন্য কাগজপত্র দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছি।
উপদেষ্টা বলেন, এবার সারের পর্যাপ্ত মজুত রয়েছে। আগামী নভেম্বর পর্যন্ত দেশে সারের কোনো সংকট হবে না। এছাড়া আমদানির ক্ষেত্রে যে সমস্ত বকেয়া ছিল, সেগুলো পরিশোধ করা হয়েছে।