কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় : আরো একশজনের ওরিয়েন্টেশন সম্পন্ন

বিদেশ গমনেচ্ছুদের বিভিন্ন বিষয়ে ওরিয়েন্টেশনের মাধ্যমে দিকনির্দেশনা দিয়ে আসছে চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়। এরই ধারাবাহিকতায় আরো একশজনের ওরিয়েন্টেশন সম্পন্ন করেছে সংস্থাটি।
তিন দিনের ওরিয়েন্টেশনে এবার ভর্তি হয়েছিলেন একশজন। তাদেরকে বিদেশে যাওয়ার জন্য কোথায় যোগাযোগ করতে হবে, বিদেশে যাওয়ার আগে কী ধরনের প্রস্তুতি নেয়া প্রয়োজন, আদম ব্যবসায়ীর প্রতারণা হতে সাবধান থাকার উপায়, কীভাবে বৈধ উপায়ে স্বল্প খরচে বিদেশে যাওয়া যায়, শ্রম জনশক্তি ব্যুরো কীভাবে বিদেশে যাবার প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান করে, বিদেশে যাওয়ার যাত্রাপথে বিদেশগামীকে কী কী কাজ করতে হয়, বিদেশ হতে পাঠানো টাকা কোথায় কীভাবে বিনোয়োগ করতে হবে, বিদেশে বাংলাদেশী দূতাবাস কী কী সেবা দেয়, বিদেশে গমনের পর বিদেশে তার করণীয়, বিদেশে থাকাকালীন তার জীবনযাত্রা, কীভাবে মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হয়, প্রবাস জীবনে পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে কীভাবে একাকী থাকতে হয় ইত্যাদি বিষয় বিস্তারিত জানানো হয়।
প্রশিক্ষণ প্রদান করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান, জনশক্তি জরিপ কর্মকর্তা রোশদুল হক ও ইউভিএ শহীদুর রহমান ও মতিউর রহমান।
গত ২৬ আগস্ট থেকে শুরু হয়ে বৃহস্পতিবার তিন দিনের এই ওরিয়েন্টেশন শেষ হয়। জেলাশহরের শাহীবাগে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান জানান, এটি চলমান প্রক্রিয়া। প্রতি তিন দিন পর পর ১০০ জনের একটি করে ব্যাচকে এ ধরনের ওরিয়েন্টেশনে দিকনির্দেশনা দেয়া হচ্ছে।