কুমিল্লায় লরিচাপায় একই পরিবারের চারজন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় সিমেন্টবোঝাই লরির নিচে চাপা পড়ে প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
একই সময়ে লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) এবং ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের বাড়ি কুমিল্লার বরুড়ার হোসেনপুর গ্রামে।
উদ্ধার কাজে অংশ নেয়া পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। তখন বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই লরিটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের পেছনে থাকা একটি প্রাইভেটকার ও একটি অটোরিকশাকে চাপা দেয় লরিটি।
তিনি আরো জানান, এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হন। এছাড়া সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, পুলিশ মরদেহ ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।