শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

কৃষ্ণগোবিন্দপুরে মুদি দোকান ও বাড়ি থেকে ২০ লিটার অকটেন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি মুদি দোকান ও দোকান-সংলগ্ন বাড়ি থেকে ২০ লিটার অকটেন জব্দ করেছেন মোবাইল কোর্ট। বাড়িতে রেখে অকটেন বিক্রির অভিযোগে মো. মকবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্টের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ তার ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
গত মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয়।
ফেসবুক পোস্টে তিনি আরো জানান, ছদ্মবেশে তেল কিনতে গেলে দোকানদার মো. মকবুল হোসেন প্রতি লিটার অকটেনের মূল্য ২৭০ টাকা দাবি করেন। এছাড়াও অভিযুক্তের বাড়িতে তল্লাশি করে অসাধু উদ্দেশ্যে তেল মজুত ও চড়া মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়। অভিযুক্ত মকবুল হোসেনের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়। জব্দকৃত ২০ লিটার অকটেন বিধি মোতাবেক বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ নির্ধারিত কোডে চালানের মাধ্যমে জমা দেওয়ার জন্য বেঞ্চ সহকারীকে নির্দেশ প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা প্রদান করে সদর মডেল থানা পুলিশের একটি দল।
অসাধু ব্যবসায়ী, মজুতদার ও কালোবাজারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন