শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি জেলার সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়ন পরিষদে এই প্রশিক্ষণের আয়োজন করে।
প্রয়াসের এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের সিসিএজি সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে পল্লী কর্ম-সহায়ক ফাউডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)।
চরঅনুপনগর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়ানোর লক্ষে টেকসই কৃষি অনুশীলনের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল— অংশগ্রহণকারী সদস্যদের জলবায়ু পরিবর্তনের সমস্যা এবং প্রশমন ব্যবস্থার ওপর ধারণা দেওয়া।
প্রশিক্ষণে প্রকল্পের লক্ষ্য এবং সদস্যদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন ইউনিট ম্যানেজার। তিনি তাদের ঋণগ্রহীতা সদস্যদের ঋণের সুযোগ-সুবিধা ও ঋণ প্রদান বিষয়ে অবগত করেন। এছাড়া খরা-প্রতিরোধী ফল ও ফসলের জাত নির্বাচন এবং চাষ পদ্ধতি, যার মধ্যে রয়েছে বসতবাড়িতে বাগান করার কৌশল এবং মাটির গুণাগুণের উন্নতি, পানি সংরক্ষণ ও রাসায়নিক সারের ব্যবহার কমাতে কার্যকর ভার্মি কম্পোস্ট তৈরির প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তদের শস্য বিশেষজ্ঞ মো. জহুরুল ইসলাম, রামচন্দ্রপুর হর্টিকালচার সেন্টারের নার্সারি তত্ত্বাবধায়ক খন্দকার মো. মাহাতাব হোসেন, এই প্রকল্পের কৃষিবিদ মো. ফয়জুল হক।
প্রশিক্ষকগণ খরা-সহনশীল ফল ও ফসল চাষ, বসতবাড়িতে বাগান করার বিষয়ে মূল্যবান পরামর্শ দেয়ার পাশাপাশি বিভিন্ন কৃষিকাজে সমস্যা সমাধানের কৌশলের ওপর তাদের দক্ষতা শেয়ার করেন।
প্রকল্পের আওতায় ইসিসিসিপি-ড্রাউট ঋণ কার্যক্রম সম্পাদনা করার জন্য ঋণের নীতিমালা ও ধরন নিয়ে আলোচনা করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১২ এর ব্যবস্থাপক ইতি আরা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের সমন্বয়কারী বকুল কুমার ঘোষ ও সিএমও জেনারেল প্রসেনজিৎ কুমার সাহা।

শেয়ার করুন