গোবরাতলায় সড়ক দুর্ঘটনায় নিহত বাইসাইকেলচালক

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. রফিকুল ইসলাম (৬৩) নামের এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইকেলচালক জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ শাহীন আকন্দ জানান, গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রহনপুরগামী একটি যাত্রীবাহী বাস বাইসাইকেলকে ধাক্কা দিলে বাইসাইকেলচালক রফিকুল ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও বাসের চালক ও তার সহযোগী পালিয়ে যায়। এঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।