গোমস্তাপুরে ওএমএস’র চাল বিক্রি শুরু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ওএমএস’র মাধ্যমে চাল বিক্রি শুরু হয়েছে। সোমবার রহনপুর পৌরসভার দুটি স্থানে এই বিক্রি কার্যক্রম শুরু হয়।
৩০ টাকা কেজি দরে একজন ভোক্তা পাচ্ছেন ৫ কেজি করে চাল।
সকালে এই বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান। এ সময় খাদ্য পরিদর্শক সামিরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ট্যাগ কর্মকর্তা সেরাজুল ইসলাম, ওএমএস ডিলার মোজাম্মেল হক ও আবুল কাশেম উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের সহযোগিতায় রহনপুর পৌর এলাকার স্টেশন চালপট্টি ও নুনগোলা বাসস্ট্যান্ডে দুই ডিলারকে ১ মেট্রিক টন করে মোট ২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই ডিলাররা ৪০০ জন ভোক্তার কাছে চাল বিক্রি করবে। পরবর্তী দিন কলেজ মোড়সংলগ্ন কাঠিয়াপাড়া ও রহনপুর বড়বাজারে টিপু প্রফেসরের বাড়ির পাশে মসজিদ সংলগ্ন স্থানে একইভাবে ডিলার চাল বিক্রি করবে বলে তিনি জানান।