গোমস্তাপুরে খাস জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মুত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর এলাকার একটি বিলের খাস জমি দখলকে কেন্দ্র করে গত বুধবার দুপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন। ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেগপুর গ্রামের আব্দুস সাত্তার (৫০) ও গত বৃহস্পতিবার সন্ধ্যায় একই ইউনিয়ের ফুলবাড়ি গ্রামের তোফাজ্জুল হোসেন (৫৫) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে বেগপুর এলাকার একটি বিলের খাস জমি নিয়ে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় গ্রুপ লাটিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সাত্তার ও পরেরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় তোফাজ্জল হোসেন মারা যান।
যোগাযোগ করা হলে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, যে দুজন মারা গেছেন তাদের পক্ষে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখন পর্য়ন্ত কেউ গ্রেপ্তার হয়ে বলে তিনি জানান।