গোমস্তাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহসহ ১০ম বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। সভায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলি, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী বলেন, আগামী ১৫-১৬ এপ্রিল দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা এবার উপজেলা চত্বরে অনুষ্ঠিত হবে। তিনি জানান, নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করা, বিজ্ঞান বিষয়ে আগ্রহ প্রকাশ করা এবং শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি বিকাশ, প্রযুক্তিগত উন্নয়নে অগ্রসর করতে বিজ্ঞান মেলা ভূমিকা রাখবে।
এই মেলার বিজয়ী ৩ জন জেলাপর্যায়ে অংশ নিবে বলে সভায় জানানো হয়।।