শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে টাস্কফোর্সের অভিযানে মাদক ও টাকা উদ্ধার ৮ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেলের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসির জেলা কার্যালয়, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও কাস্টমসের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়েছে।
বুধবার ভোর থেকে রহনপুর কেডিসিপাড়ায় চলা অভিযানে ৮৪০ পিস ইয়াবা, ১৪০ গ্রাম হেরোইন, ৪৬৯ পুরিয়া হেরোইন, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ১৯ লিটার চোলাইমদ, নগদ ৫৬ হাজার ১৭৫ টাকা, ৩টি হেরোইন পরিমাপক মেশিন, ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
আটক করা হয় ৮ জনকে। তাদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে ৩টি নিয়মিত মামলা রুজু করা হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট অপর ৩ জনের মধ্যে দুজনকে ১ মাস করে ও একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
যাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে তারা হলেন— নুনগোলা কেডিসিপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী মোসা. আছমা বেগম (৫৫), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. তানু (৪৫), মো. ইকরামুলের স্ত্রী মোসা. চিরল, তাজুর স্ত্রী বিজলী (৫০) ও মৃত ইসলামের ছেলে স্ত্রী বুধি (৫০)।
মোবাইল কোর্টে সাজাপ্রাপ্তরা হলেন— নুনগোলা কেডিসিপাড়ার খোশ মোহাম্মদের ছেলে মো. আরিফ (২৯) ও মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. মরু (৪০), বাঙ্গাবাড়ীর মৃত মুজিবুরের ছেলে মো. কাদির (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

শেয়ার করুন