গোমস্তাপুরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেসমিন বেগম (৪৭) নামে এক নারীর বিবস্ত্র অবস্থায় গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সীমান্তঘেঁষা চুড়ইলবিল এলাকার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারের পর প্রথমে ওই নারীকে স্থানীয়রা কেউ শনাক্ত পারেনি। পরে পুলিশ ওই নারীর পরিচয় শনাক্ত করে। মারা যাওয়া নারী ওই ইউনিয়নের শিশাটোলা গ্রামের মজিবুর রহমানের মেয়ে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। পুলিশ ধারণা করছে, ধারালো অস্ত্র দিয়ে কেউ ওই নারীকে গলা কেটে হত্যা করে ফেলে রেখেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ওই আমবাগানে গিয়ে দেখতে পান একটা মরদেহ পড়ে আছে। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য জাহানারা বেগম ওই পরিবারের বরাত দিয়ে জানান, রবিবার জেসমিন বাড়ি থেকে বের হন। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, মরদেহটি গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুই দিন আগে ওই নারীকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে ।
তিনি জানান, কে বা কারা এবং কেন ওই নারীকে হত্যা করেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে ওসি জানিয়েছেন।