গোমস্তাপুরে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে তাজকিন ওরফে সজীব (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে ১১টার দিকে গোমস্তাপুর তালেমুন কুরআন নূরানী মাদ্রাসার সামনে গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজের পুকুরে ডুবে তার মৃত্যু হয়। মারা যাওয়া সজীব-গোমস্তাপুর বাজার পাড়ার মো. মিঠুন আলীর ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াদুদ আলম জানান, সজীব গোমস্তাপুর তালেমুন কুরান নূরানী মাদ্রাসার একজন ছাত্র। তিনি মাদ্রাসায় থাকতেন। সোমবার সকাল পৌনে ১১টার দিকে মাদ্রাসার আরো ৮-১০ জন ছাত্র একসঙ্গে মাদ্রাসার সামনে গোমস্তাপুর কলেজের পুকুরে গোসল করতে যান। সজীব সাঁতার না জানার কারণে গোসল করাকালীন পানিতে ডুবে যান। এসময় অন্য ছাত্রসহ শিক্ষক দেখতে পেয়ে তাকে দ্রুত পানি থেকে তুলে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি ওয়াদুদ আলম জানান, কোনো অভিযোগ না থাকায় সজীবের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।