গোমস্তাপুরে ফুটবল টুর্নামেন্ট ও মোরগ লড়াই

“মাদককে না বলুন, সুস্থ সুন্দুর জীবন গড়ুন”, “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”— এসব স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ও মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও গ্রাম-বাংলার বিভিন্ন খেলাধুলার মধ্যে ছোট ছেলে-মেয়েদের ১০০ মিটার দৌড়, বড় ছেলে-মেয়েদের ও স্থানীয় বিভিন্ন বয়সের পুরুষ-মহিলাদের বালতিতে বল নিক্ষেপ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজ প্রাঙ্গণে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করে।
রহনপুর পিএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. ইমতিয়াজ মাশরুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, হুজরাপুর মডেল অ্যাকাডেমির প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
পুনর্ভবা ফুটবল অ্যাকাডেমি ও মহানন্দা ফুটবল অ্যাকাডেমির মধ্যে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতায় পুনর্ভবা ফুটবল অ্যাকাডেমি চ্যম্পিয়ন হয়।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে মাদকবিরোধী ট্রফি ও মেডেল দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।
অতিথিবৃন্দ এ ধরনের খেলা বারবার আয়োজন করার জন্য অনুরোধ জানান।