গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাঠে গরু চরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোহিদুল ইসলাম (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পূর্ব রাইহোগ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া তোহিদুল ওই গ্রামের মৃত রইসউদ্দিনের ছেলে।
পার্বতীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ও ওই গ্রামের বাসিন্দা জুলেখা বেগম বলেন, রবিবার বিকেলে তোহিদুল বাড়ি থেকে গরু নিয়ে মাঠে চরাতে যান। গরুর চরার এক পর্যায়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ’র গভীর নলকূপের সংযোগ তার স্পর্শ করলে এই ঘটনা ঘটে। এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।