শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্থানীয় ব্যক্তিদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে বাঙ্গাবাড়ী স্কুল ও কলেজ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবি, শিক্ষক, ইমামসহ এলাকার জনসাধারণ অংশগ্রহণ করেন।
বাঙ্গাবাড়ী মাদক নির্মূল কমিটি আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক। বিশেষ অতিথির বক্তব্য দেন— গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মুহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, বাঙ্গাবাড়ী বিওপির ক্যাম্প কমান্ডার আতিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, বাঙ্গাবাড়ী স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বদিউজ্জামাল দুলু, স্থানীয় জামায়াত নেতা ডা. আব্দুল গনি, আব্দুল রাকিব, সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম, শিক্ষক জুয়েল, বাঙ্গাবাড়ী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোস্তকিম হোসেনসহ অন্যরা।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক তার বক্তব্যে বলেন, যারা মাদক ব্যবসায়ী তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এবং গোপনে তাদের তালিকা তৈরি করে আমাদের দিবেন, আমরা ব্যবস্থা নিব। এছাড়া আপনাদের সন্তানরা সারাদিন কী করছে, কার সাথে মিশছে তার খোঁজ রাখবেন। তিনি বলেন, কোনো পুলিশ সদস্যও যদি কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন