গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দিনের দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দিন ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গোরস্থান মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার দেন।
জানাজায় রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, তারেস আলী, মনজুর রহমানসহ অনেকেই অংশ নেন।
জানাজা শেষে চাঁড়ালডাঙ্গা গোরস্থানে তাকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দিন বুধবার ভোররাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা মৃত মিছু মন্ডলের ছেলে। স্ট্রোকজনিত কারণে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।