শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে সাংবাদিক সজলের দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সময় টেলিভিশনের সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজলের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের গোরস্থানে জানাজার নামাজ শেষে একই স্থানে তাকে দাফন করা হয়।
জানাজার আগে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন— রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, মরহুমের বাবা মেসের আলী মাস্টার, মামা কামালউদ্দিন, সময় টিভিতে কর্মরত সহকর্মী আসাদুজ্জামান, সাংবাদিক আলাউদ্দিন পারভেজ।
জানাজায় তার পরিবারের সদস্য, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বন্ধু, সহকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গ ও আত্মীয়স্বজন অংশগ্রহণ করেন।
গত মঙ্গলবার ঢাকার মগবাজারে মারা যান সজল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। সজলের ছেলে বর্ণ ৩য় শ্রেণীর ছাত্র এবং মেয়ে নেহার বয়স মাত্র ৫ বছর। তার স্ত্রী টাঙ্গাইলের হেলেঙ্গা মহিলা কলেজে শিক্ষকতা করেন। তিনি বাবা-মাসহ অনেক আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সজল সময় টেলিভিশনে চাকরিরত থাকায় ঢাকার একটি বাসাবাড়িতে একাই থাকতেন।
মাজহারুল ইসলাম সজল, লেখালেখির পাশাপাশি বেশকিছু প্রামাণ্য চিত্রও নির্মাণ করেন। তিনি ছাত্রাবস্থায় সাপ্তাহিক গৌড় সংবাদে রহনপুর পৌর প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষে ২০১৩ সালে সময় টেলিভিশনে বার্তা বিভাগের প্রযোজনা বিভাগে কাজ শুরু করেন। মাঝে কিছুদিন সময় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করার পর পুনরায় তিনি ওই টেলিভিশনে সহযোগী প্রযোজক হিসেবে ঢাকায় ফিরে যান।

শেয়ার করুন