গোমস্তাপুরে সাফজয়ী ফুটবলার ইউসুফ আলীকে সংবর্ধনা

মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অন্যতম সদস্য ইউসুফ আলীকে গণসংবর্ধনা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থা। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন— জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী ফুটবলার এনামুল হক, বাফুফের অনূর্ধ্ব-১৯ দলের কোচ আব্দুর রাজ্জাক, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম, সংবর্ধিত ফুটবলার ইউসুফ আলীর বাবা গোলাম মোর্তুজা, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক আতিকুর রহমানসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
এর আগে রহনপুর পৌরসভার পক্ষ থেকে মোটর শোভাযাত্রা নিয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
উল্লেখ্য, সাফ জয়ের পর গত সোমবার বিকেলে বিমানযোগে রাজশাহী এসে পৌঁছান ফুটবলার ইউসুফ আলী। সেখানে তাকে স্বাগত জানান বন্ধু ও পরিবারের লোকজন। রাতে তিনি তার জন্মস্থান রহনপুর পৌর এলাকার কলেজপাড়ায় এসে পৌঁছান।
বুধবার তাকে সংবর্ধনা দেওয়া হলো।