চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ব্যাটারিচালিত অটোবাইক চুরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার বেগমনগর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে মো. আওয়াল (২৮), আমনুরা মিশন শিশাতলা গ্রামের মো. মুকুলের ছেলে মো. নাইম (২৭), শিবগঞ্জ উপজেলার ডুমনীপাড়া আড়গাড়াহাট এলাকার মো. পাঁচু ওরফে টুকু আলীর ছেলে মো. আশিক আলী (২৩) এবং রাজশাহীর তানোর উপজেলার সাদীপুর গ্রামের মো. মফিজুদ্দিনের ছেলে মো. সেলিম হোসেন (২৩)।
নাচোল থানার অফিসার তারেকুর রহমান সরকার জানান, গত ১৮ ফেব্রুয়ারি নাচোল মধ্যবাজারস্থ জনতা ব্যাংকের সামনে হতে মো. শরিফুজ্জামান মিলন (৬০) নামের এক ব্যক্তির একটি পুরাতন ব্যবহৃত ব্যাটারিচালিত দোলনা (অটো) গাড়ি চুরি হয়। পরবর্তীতে অটোটি উদ্ধারে কাজ শুরু করে পুলিশ। গত শুক্রবার রাত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানা এলাকা, সদর থানার আমনুরা ও রাজশাহী জেলার তানোর থানা এলাকায় অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে ওসি জানান।
ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চুরি হওয়া অটোগাড়িটি উদ্ধার করা হয়েছে।