চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১১ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে আবারো ডেঙ্গু রোগী বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ৫ জন, হাসপাতালটির বহির্বিভাগে ৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ এবং ভোহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন মহিলা রোগী শনাক্ত হন।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৩ জন ও নাচোল থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১১ জন, শিবগঞ্জ ২ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৩ জন এবং গোমস্তাপুরে ১ জন পুরুষ এবং ভোলাহাটে ১ জন পুরুষ ও ১ জন মহিলা রোগী রয়েছেন।
২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫১০ জন।
সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে।