চাঁপাইনবাবগঞ্জে শোকের ছায়া বিএনপির কোরআনখানি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। দলটির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শোকাতুর হয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে শোকের মাতম।
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল- গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদসহ দলীয় নেতৃবৃন্দ।
হারুনুর রশীদ তাঁর ফেসবুকের পেজে শোকবার্তায় লিখেন, “ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক, আমাদের সকলের প্রিয় মমতাময়ী মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ মঙ্গলবার সকাল ৬টায় তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। মহান আল্লাহতায়ালা তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।”
এদিকে গৌড় বাংলায় পাঠানো এক শোকবার্তায় আমিনুল ইসলাম বলেন— বেগম খালেদা জিয়ার চলে যাওয়া দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। কারণ তিনি ছিলেন দেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়া চিরকাল ছিলেন অগ্রভাগে। তিনি দৃঢ়, সাহসী ও অবিচল নেতৃত্বের প্রতীক।
তিনি আরো বলেন, আমরা অঙ্গীকার ব্যক্ত করতে চাই— শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় সচেষ্ট থাকব। বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ ও ইচ্ছা আমরা পূরণ করব— ইনশাআল্লাহ। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি— তিনি যেন এই মহীয়সী দেশনেত্রীকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন।
বিএনপির কোরআনখানি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তারই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা, উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, বিএনপি নেতা সারোয়ার জাহান, ইসমাইল বিশ্বাস, আব্দুস সালাম, জহুরুল হক বিশ্বাস বুলুসহ অন্যরা।
অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। দোয়া মাহফিলের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।
কোরআনখানি শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন।
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় : বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল বারীসহ বিশ্ববিদ্যালয় পরিবার।
মঙ্গলবার গৌড় বাংলায় পাঠানো এক শোকবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন বিশিষ্ট ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দীর্ঘ সময় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। তাঁর রাজনৈতিক জীবন, দীর্ঘ পথচলা এবং দেশের মানুষের প্রতি তাঁর ভালোবাসা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। তিনি ছিলেন অত্যন্ত মার্জিত, রুচিশীল ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম এবং বিশেষ করে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য।
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে উপাচার্য মরহুমার শোকসন্তপ্ত পরিবার, তাঁর অগণিত গুণগ্রাহী ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। একই সাথে মহান আল্লাহতায়ালার দরবারে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।