শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম রোগী ভর্তি অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হামের সন্দেহ ভাজন হিসেবে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১২জন শিশু রোগী ভর্তি হয়েছে।
অন্যদিকে শুক্রবার সকালে হাসপাতালে নিয়ে আসা মাসুদা নামের আড়াই বছরের এক শিশু মারা গেছে। মারা যাওয়া মাসুদা সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুরের মো. নইমুরের মেয়ে। তবে সে হামজনিত নাকি অন্য রোগে মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ বলেন, ‘সকালে শাজাহানপুরের হাকিমপুর গ্রামের দু’বছর চার মাস বয়সী মাসুদা নামের এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তাকে কিছু সময় অক্সিজেন দিয়েও রেখেছিলাম। শিশুদের ক্ষেত্রে আমরা তা করে থাকি। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। সে হামে আক্রান্ত হয়ে নাকি অন্যরোগে আক্রান্ত হয়ে মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি’।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ মসিউর রহমান জানান, বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে হামের সন্দেহভাজ হিসেবে ৪৬ জন শিশু ভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় হামের সন্দেহভাজন হিসেবে ১২ শিশু ভর্তি হয়েছে। অন্যদিকে ২৪ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। চলতি বছরের এখন পর্যন্ত হামের সন্দেহভাজন হিসেবে ভর্তি হয় ৩৪৬ জন রোগী।
প্রসঙ্গত, হামের লক্ষণের মধ্যে রয়েছে— প্রথমে জ্বর হয় ও শরীর ম্যাজ ম্যাজ করে বা হালকা ব্যথা লাগে। প্রথম এক-দুই দিন তীব্র জ্বরও হতে পারে। চোখ-মুখ ফুলে উঠতে পারে। চোখ লাল হয়ে যেতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে। নাক দিয়ে পানি পড়তে পারে এবং হাঁচিও হতে পারে। শরীরে ছোট ছোট লালচে গুটি/ফুসকুড়ি দেখা দেয় এবং দ্রুতই তা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। এ সময় বিশেষত শিশুরা কিছুই খেতে চায় না এবং ভীষণ দুর্বল হয়ে পড়ে।

শেয়ার করুন