চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি হাম সন্দেহভাজন আরো ৩৫ শিশু

চাঁপাইনবাবগঞ্জে কমছে না হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহভাজন আরো ৩৫ শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত তাদেরকে ভর্তি করা হয়। এর আগের দিন ভর্তি হয়েছিল ২৫ জন রোগী। এছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা না থাকায় ১ জন কন্যাশিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে। এদের মধ্যে ৩৫ জন ছেলে ও ৩৪ জন কন্যাশিশু রয়েছে। একই সময়ে সুস্থ হওয়ায় ২১ জন ছেলে ও ১৭ জন কন্যাশিশুসহ ৩৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।