চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে টহল জোরদার করেছে ৫৩ ও ৫৯ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। গত ১২ ডিসেম্বর থেকে অস্থায়ী চেকপোস্ট ও টহলের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে বিজিবি জানিয়েছে।
৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, দেশের অভ্যন্তরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত অবস্থার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং দুষ্কৃতিকারী বা সন্ত্রাসীরা যাতে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে প্রবেশ করতে না পারে সে লক্ষে গত ১২ ডিসেম্বর রাত থেকে শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার ১৮টি বিওপির ১৮টি টহল দল এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ২টি টহল দল অস্থায়ী চেকপোস্ট ও টহলের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় বিজিবির চেকিং এবং অতিরিক্ত ২০টি টহল মোতায়ন আছে।
অন্যদিকে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, ১২ ডিসেম্বর রাত থেকে এই ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত সদর ও গোদাগাড়ী সীমান্ত পথ দিয়ে কোনো দুষ্কৃতিকারী যেন সীমান্ত অত্রিকম করতে না পারে সেজন্য নিয়মিত টহলের বাইরে অতিরিক্ত ১৯টি টহল দল কাজ করছে। সীমান্ত রক্ষায় সার্বিক কার্যক্রম জোরদার করা হয়েছে।