চার দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্প শেষ হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার আয়োজিত চার দিনব্যাপী প্রথম অ্যাডভেঞ্চার ক্যাম্প শেষ হয়েছে। ক্যাম্পের ভেন্যু রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালা প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে পতাকা নামানোর মধ্য দিয়ে রবিবার এ ক্যাম্পের সমাপ্তি হয়।
ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিল চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপ।
সমাপনী অনুষ্ঠানে ক্যাম্পে অংশগ্রহণকারী সকলের হাতে তুলে দেয়া হয় সনদপত্র। এছাড়া ক্যাম্পে অংশগ্রহণ করে সেরা উপদল, সেরা রোভার, সেরা গার্ল ইন রোভার, সেরা কর্মকর্তা, সেরা অংশগ্রহণকারী, সেরা স্কাউটকে পুরস্কৃত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর জেলার প্রাকৃতিক টিলাবেষ্টিত ভূমির বাবুডাইং এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জেলা থেকে রোভার সদস্যরা অংশ নেন।
বিদায় বেলায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার গ্রুপের উপদল নেতা (আরএম) মো. মেহেদী হাসান মাহিন বলেন, ‘প্রকৃতির মেলবন্ধনে রোভারিং’ অ্যাডভেঞ্চার ক্যাম্পের থিম একেবারেই সার্থক হয়েছে। আমরা এ ক্যাম্পে এসেছি অনেক দূর থেকে। আমরা যা আশা করেছিলাম, তার চেয়েও বেশি পেয়েছি। একদিনে আমরা পাড়ি দিয়েছি বরেন্দ্রর লীলাভূমি, ছোট ছোট পাহাড়ি টিলা, বন, ঝোঁপঝাড়, প্রাকৃতিক খাড়ি। অংশ নিয়েছি বিভিন্ন চ্যালেঞ্জে। এসব যাত্রা আমাদের মনে রোমাঞ্চকর অনুভূতি এনে দিয়েছে। এছাড়া আমরা বইয়ে পড়েছিলাম গৌড়ের রাজধানী সম্পর্কে। কিন্তু এখানে এসে আমরা পর্যটন স্থান ছোট সোনামসজিদ, তোহাখানা, দারাসবাড়ি মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ঐতিহাসিক জায়গায় গিয়েছি। জেনেছি অনেক কিছু। এক কথায় বলতে গেলে এ ক্যাম্পে আসাটা আমাদের সার্থক হয়েছে।
ঢাকা জেলা রোভারের অন্তর্গত পিপল্স ওপেন স্কাউট গ্রুপের সদস্য সুমন মিয়া বলেন, ক্যাম্পে এসে আমরা বিভিন্ন জেলার রোভারদের সঙ্গে মিলিত হয়েছি। একে-অপরকে জানতে পেরেছি। বন্ধুত্ব হয়েছে। এছাড়া স্থানীয় কোল ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের বাড়ি বাড়ি গিয়েছি। স্বাস্থ্যসেবা সম্পর্কে বলেছি। দিয়েছি সাবানও। জানতে পেরেছি তাদের জীবনযাত্রার পদ্ধতি, সংস্কৃতি, খাদ্যাভাস। বলা যায়, এখানে এসে আমরা বিভিন্ন জায়গার মানুষদের সঙ্গে মিলে তাদের সাংস্কৃতিক চর্চা সম্পর্কে জানতে পেরেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা সকলেই মানবিকতার পাশে রয়েছি। মনুষত্ববোধ নিয়ে সকলে একসঙ্গে যেতে পারছি। আমরা স্কাউটিং আদর্শকে সামনে নিয়ে সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখতে চাই।
এসময় বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের সম্পাদক জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী উপজেলা স্কাউটসের সম্পাদক আনোয়ারুল ইসলাম দুলাল, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর রহমানসহ অন্যরা।
গত বৃহস্পতিবার সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শেহালা কলোনি এলাকার চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার ডেন (কার্যালয়)-এ ক্যাম্পের পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন ক্যাম্প চিফ বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের অ্যাসিসট্যান্ট লিডার ট্রেনার (এএলটি) সাইফুল ইসলাম।