ছেলের বাইক থেকে পড়ে মায়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ছেলের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে আর ফেরা হলনা গোলাপি বেগম (৩৫) নামের এক মায়ের। মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারালেন তিনি। শুক্রবার সকালে উপজেলার নরেন্দ্রপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গোলাপি বেগম জেলার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের মো. বাবলুর স্ত্রী।
সদর থানার অফিসার ইনচার্জ মো. মেহেদি হাসান জানান, আজ শুক্রবার সকাল ১০ টার দিকে গোলাপী বেগমের বড় ছেলে মাসুদ রানার সঙ্গে মোটর সাইকেলের পেছনে বসে জেলা শহরে আসছিলেন গোলাপি। পথে নরেন্দ্রপুর এলাকায় ইট ভাটার কাছে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে গোলাপি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মায়ের মৃত্যুতে শোকে কতর হয়ে পড়েন মাসুদ। পরিবারে নেমে আসে শোকের ছায়া।