শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

জনবল সংকটে চাঁপাইনবাবগঞ্জের প্রাথমিক শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষকের পদ শূন্য ৩১০টি

চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৭০৬টি। সে হিসাবে ৭০৬ জন প্রধান শিক্ষক থাকার কথা থাকলেও কর্মরত আছেন ৩৯৬ জন। এর মধ্যে ২৩৬ জন পুরুষ ও ১৬০ জন মহিলা। অর্থাৎ ৩১০টি পদই শূন্য রয়েছে।
অন্যদিকে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ১৫৭টি। অনুমোদিত ৪ হাজার ১৫টি পদের বিপরীতে ১ হাজার ৫৮৮ জন পুরুষ ও ২ হাজার ২৭০ নারীসহ সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন ৩ হাজার ৮৫৮ জন।
প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকদের এতগুলো পদ শূন্য থাকায় দাপ্তরিক কার্যক্রমসহ পাঠদান ব্যাহত হচ্ছে। তারপরও প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে জেলা ও উপজেলা শিক্ষা অফিস।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।
আরো জানা গেছে, দপ্তরী কাম প্রহরীর অনুমোদিত পদ রয়েছে ৩৬৩টি। কর্মরত আছেন ৩০৫ জন। ৫৮টি পদই শূন্য রয়েছে। এছাড়া সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদিত ২টি পদের ২টিতে জনবল আছে। অন্যদিকে সহকারী মনিটরিং অফিসার অনুমোদিত পদ ১টি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনুমোদিত পদ ৫টি। এই পদগুলোর মধ্যে ১টি পদ শূন্য রয়েছে। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদিত পদ হচ্ছে ২৮টি। এর মধ্যে কর্মরত আছেন ১৭ জন এবং পদ শূন্য আছে ১১টি। ১টি কম্পিউটার অপারেটরের অনুমোদিত পদে ১ জন কর্মরত আছেন।
উচ্চমান সহকারীর অনুমোদিত ৪টি পদের ২টিই শূন্য। শূন্য রয়েছে একমাত্র ক্যাশিয়ারের অনুমোদিত পদটিও। অফিস সহকারীর অনুমোদিত পদ হচ্ছে ৯টি, এর মধ্যে কর্মরত আছেন ৪টিতে বাকি ৫টি পদই শূন্য রয়েছে। হিসাব সহকারীর অনুমোদিত পদ হচ্ছে ৫টি। কর্মরত আছেন ১টিতে, ৪টি পদই শূন্য। অফিস সহায়কের ৯টি পদের মধ্যে ৮টিই শূন্য। গাড়িচালকের পদটিও শূন্য রয়েছে।
সদ্য যোগদান করা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন— প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্যপদগুলো পূরণসহ জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের শূন্যপদে জনবল দেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এরই মধ্যেই অবহিত করা হয়েছে। আমরা চেষ্টা করছি, যে জনবল আছে তা দিয়েই প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে। এজন্য সকলের সহযোগিতা চাই।
তিনি আরো বলেন, আমি নতুন এসেছি, এসেই উপজেলা শিক্ষা অফিসারদের সঙ্গে মতবিনিময় করেছি, জেলার প্রাথমিক শিক্ষা সম্পর্কে একটি ধারণা পেয়েছি। তাতে দেখা গেছে, আমার অফিসারসহ শিক্ষকগণ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলা এবং ৪টি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৭০৬টি। ছাত্রছাত্রী ভর্তির হার ৯৮.০৬। এর মধ্যে বালক ৯৮.১২ ও বালিকা ৯৯.০৮ শতাংশ। ড্রপ আউট বা ঝরে পড়ার হার ৭.২৮ শতাংশ। প্রাথমিক শিক্ষা চক্র সমাপনীর হার ৯২.৮৪ শতাংশ।
উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বালক ৬৯ হাজার ৮৬০ জন এবং বালিকা ৭৯ হাজার ৪৪৬ জনসহ মোট ১ লাখ ৪৯ হাজার ৩০৬ জন। চলতি অর্থবছরে উপবৃত্তি প্রদানের হার ৯২ শতাংশ এবং উপবৃত্তি প্রদানের পরিমাণ ১০ কোটি ২২ লাখ ৩২ হাজার ৬২৫ টাকা।

শেয়ার করুন