জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৪১৮ জনের

দেশে সড়ক দুর্ঘটনায় গত জুলাই মাসে ৪১৮ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৮৫৬ জন।
মঙ্গলবার বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে মোট ৪৪৩টি সড়ক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ১৩১টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০৯ জন, যা মোট নিহতের ২৬ দশমিক ৮ শতাংশ। দুর্ঘটনার সংখ্যা হিসাব করলে মোটরসাইকেল দুর্ঘটনার হার দাঁড়ায় ২৯ দশমিক ৫৭ শতাংশ।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে নারী ৭২ জন (১৭ দশমিক ২২ শতাংশ) এবং শিশু রয়েছে ৫৩ জন (১২ দশমিক ৬৭ শতাংশ)। এছাড়া দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯২ জন পথচারী (২২ শতাংশ) এবং বিভিন্ন যানবাহনের চালক ও সহকারী ৫৬ জন (১৩ দশমিক ৪০ শতাংশ)। শুধু তাই নয়, চারটি নৌ-দুর্ঘটনায় প্রাণ গেছে ৬ জনের এবং ২১টি রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন।
যানবাহনভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মোটরসাইকেলের পরেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে থ্রি-হুইলার (সিএনজি, অটোরিকশা, অটোভ্যান) দুর্ঘটনায়, যেখানে নিহত হয়েছেন ১০৮ জন (২৫ দশমিক ৮৪ শতাংশ)। এছাড়া বাসযাত্রী নিহত হয়েছেন ৪১ জন (৯ দশমিক ৮০ শতাংশ), ট্রাক-পিকআপে ৩০ জন (৭ দশমিক ১৭ শতাংশ), প্রাইভেটকার-মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সে ২০ জন (৪ দশমিক ৭৮ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহনে (নসিমন, ভটভটি, পাখিভ্যান, মাহিন্দ্র) ১২ জন (২ দশমিক ৮৭ শতাংশ) এবং বাইসাইকেল-রিকশায় ৬ জন (১ দশমিক ৪৪ শতাংশ) প্রাণ হারিয়েছেন।
অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। মোট দুর্ঘটনার ২৬ দশমিক ৪১ শতাংশই ঘটেছে এ বিভাগে। ঢাকা বিভাগেই ১১৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০৫ জন। রাজধানী ঢাকায় জুলাই মাসে ২৬টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন এবং আহত হয়েছেন ৩৮ জন।