শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

পরিশোধিত জ্বালানির অন্যতম প্রধান সরবরাহকারী সিঙ্গাপুরের সঙ্গে সম্পর্ক জোরদারে দেশটি সফরে করছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সিঙ্গাপুর থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতি সত্ত্বেও জ্বালানির দাম কমার কোনো লক্ষণ নেই। অস্ট্রেলিয়া তাদের পরিশোধিত জ্বালানির প্রায় ৯০ শতাংশের জন্য আমদানির ওপর নির্ভরশীল। এই সপ্তাহে দেশটির প্রায় ৩ শতাংশ পেট্রোল পাম্পে ডিজেল শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ সিঙ্গাপুরের নেতা লরেন্স ওং-এর সঙ্গে বৈঠক করবেন। এর আগে তিনি দেশটির প্রধান জ্বালানি ও রাসায়নিক শিল্প হাব জুরং দ্বীপ পরিদর্শন করবেন। সিঙ্গাপুরের প্রধান তেল পরিশোধনাগারগুলোর ওই দ্বীপে অবস্থিত। দেশটি অস্ট্রেলিয়ার মোট পরিশোধিত জ্বালানির এক-চতুর্থাংশেরও বেশি সরবরাহ করে। অন্যদিকে, অস্ট্রেলিয়া সিঙ্গাপুরের দ্বিতীয় বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী দেশ। গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে পৌঁছে আলবানিজ বলেন, ‘পরস্পরের কাছে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে নিজেদের প্রমাণ করা উভয় দেশের স্বার্থেই জরুরি।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের কঠিন সময়ে একে অপরের ওপর নির্ভর করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ।’ অস্ট্রেলিয়ার এই শীর্ষ নেতা আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা এখন অগ্রাধিকারের বিষয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আমাদের ভালো সম্পর্ক বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ দেশটির জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন জানান, অস্ট্রেলিয়ার ২১৬টি পেট্রোল পাম্পে ডিজেল নেই, যা মোট স্টেশনের প্রায় ২.৭ শতাংশ। তিনি আরও জানান, বর্তমানে দেশটিতে মাত্র ৩৯ দিনের জ্বালানি মজুত রয়েছে।

শেয়ার করুন