ঢাকায় শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

রাজধানী ঢাকায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকদের পুলিশি নির্যাতনের প্রতিবাদে এবং ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
নিজস্ব প্রতিনিধি : রবিবার রবিবার সকাল সাড়ে ১০টায় জেলাশহরের বিশ্বরোড মোড়ে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজন মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির একপর্যায়ে শিক্ষকরা সড়কের ওপর ব্যানার নিয়ে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রায় এক ঘণ্টা ধরে চলা মানববন্ধনে বক্তব্য দেন— নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবাইদুর রহমান, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী নয়ন, আব্দুল হামিদ, আমিনুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মেহেদি হাসানসহ অন্যান্য কলেজের শিক্ষকগণ।
বক্তারা বলেন, শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করছেন। অথচ রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর হামলা করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। আগের ফ্যাসিস্ট সরকার যেভাবে নির্যাতন-নিপীড়ন করে আন্দোলন দমন করেছে, এই সরকারও একই কাজ করছে।
বক্তারা আরো বলেন, শিক্ষা ব্যবস্থা সচল রাখতে শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।
বক্তারা এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
শিবগঞ্জ প্রতিনিধি : রবিবার সকালে সত্রাজিতপুর বাজারে আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে সত্রাজিতপুর ফাযিল মাদ্রাসা, সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়, চন্ডিপুর বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।
এতে বক্তব্য দেন— আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোরশেদুল হক, ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মো. এনামুল হক এবং সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলামসহ অন্যরা।