শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

তৃণমূল মানুষের কথা বলে রেডিও মহানন্দা
মো. গোলাম ফারুক

অনেকটা সুখ-দুঃখ, হাসি-কান্নার পথ পেরিয়ে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম আজ ১৫ বছরে পা রাখছে। এটি এক দুর্লভ অর্জন। এগিয়ে যাচ্ছে আমাদের জেলার প্রিয় গণমাধ্যম রেডিও মহানন্দা।
কমিউনিটি রেডিও হলো, এমন এক গণমাধ্যম যা সরাসরি তৃণমূল মানুষের জীবন, সমস্যা, স্বপ্ন ও সম্ভাবনার কথা বলে। এটি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত নয়, বরং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে, তাদের কল্যাণ ও উন্নয়নের লক্ষে পরিচালিত একটি শক্তিশালী যোগাযোগ মাধ্যম।
চাঁপাইনবাবগঞ্জের তৃণমূল মানুষের অংশগ্রহণ, গণমাধ্যমে কথা বলার সুযোগ ও তৃণমূল মানুষের জন্য তথ্য নিশ্চিত করার মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, জেন্ডার সমতা, মাতৃ মৃত্যুহার কমানো, মানব পাচার প্রতিরোধ, দুর্যোগ ব্যবস্থাপনা, সুশাসন, বাল্যবিয়ে প্রতিরোধ, যৌতুক ও মাদকবিরোধী প্রচারণা, লোক সংস্কৃতি সংরক্ষণসহ সামাজিক সমস্যা সমাধান ইত্যাদি বিষয়ে বৈচিত্র্যময় অনুষ্ঠান ও প্রমো সম্প্রচারের মাধ্যমে সমাজ গঠন ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে রেডিও মহানন্দা। যে কমিউনিটি রেডিও তার কমিউনিটির মানুষকে যত বেশি এবং যত কার্যকর সম্পৃক্ত করেছে ও করবে, তারাই অন্যের চেয়ে এগিয়ে থাকবে— সেটিই স্বাভাবিক। কোনো কমিউনিটির মানুষ যখন ভাববে যে ওই রেডিওর মালিকানা তাদের, তারাই এই রেডিওর অনুষ্ঠান ভাবনা, নির্মাণ ও পরিচালনায় নিজেরাই ভূমিকা রাখবে— তখন আর যাই হোক, ওই রেডিও কখনো সংকটে পড়বে না।
যেমনটি কমিউনিটি রেডিওর ধারণা (১.২)-তে বলা হয়েছে, এটি কল্যাণমূলক সম্প্রচার মাধ্যম, যার মালিকানা, ব্যবস্থাপনা ও পরিচালনায় থাকে তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠী। এটি মূলত অলাভজনক ভিত্তিতে পরিচালিত হয়। যার উদ্দেশ্য কমিউনিটিকে সেবা প্রদান করা এবং স্থানীয় লোকজ, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবন বিকাশের সুযোগ তৈরি করে দেওয়া। কমিউনিটি রেডিও কোনো নির্দিষ্ট ক্ষুদ্র ভৌগোলিক এলাকার জনগোষ্ঠীর প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে কাজ করে। এটি কমিউনিটির নিজস্ব সম্পদ, যা একটি জনপদের নিজস্ব ধ্যান-ধারণা, বিচার-বিবেচনা ও চিন্তা-চেতনার যথাযথ প্রতিফলন ঘটায়।
কমিউনিটি রেডিওর মূল শক্তি হলো, স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ। রেডিও মহানন্দা তৃণমূল মানুষকে সম্পৃক্ত করে যেমন কৃষক-জেলে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ছাত্র-শিক্ষক, নারী শ্রমজীবী মানুষ কিংবা যুবসমাজ সবাই এখানে নিজেদের কথা নিজেদের ভাষায় বলতে পারছে। এখানে, কৃষি পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ, বাল্যবিয়ের কুফল, নারী ও শিশু পাচার, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, স্থানীয় সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য— এসব বিষয় রেডিও মহানন্দার নিয়মিত বিষয়। এছাড়া এ অঞ্চলের মানুষের বড় একটি অংশ বিদেশের শ্রমবাজারে গমন করে সেখানে অনেকেই প্রতারক দালালের চক্রান্তে পড়ে সর্বস্বান্ত হন। রেডিও মহানন্দা মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করে বিদেশগামী মানুষদের দারুণ সহযোগিতা করছে।
এছাড়া রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম প্রতিষ্ঠার পর থেকেই নারী সচেতনমূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে। এ অঞ্চলের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি “গম্ভীরা”র মাধ্যমে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে নারী পাচার, যৌতুক প্রতিরোধ, এসিড সন্ত্রাস, কুসংস্কার দূরীকরণ, নারী শিক্ষার প্রয়োজনীয়তা, নারীর ওপর সহিংসতার চিত্র তুলে ধরে মানুষকে সচেতন করে আসছে।
শুধু রেডিও মহানন্দার নয়, সকল কমিউনিটি রেডিওর বিভিন্ন অনুষ্ঠান সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করে। অনেক ক্ষেত্রে কমিউনিটি রেডিও স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, যা গণতান্ত্রিক চর্চাকে আরো শক্তিশালী করে।
শেষে এভাবে বলা যায়, রেডিও মহানন্দা শুধু একটি সম্প্রচার মাধ্যম নয়, এটি তৃণমূল মানুষের কণ্ঠস্বর, তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। সমাজের প্রান্তিক মানুষের কথা শোনার ও শোনানোর যে প্রয়োজন, রেডিও মহানন্দা সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে চলেছে।
রেডিও মহানন্দা ৯৮.৮ এফএমের এই শুভক্ষণে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এগিয়ে যাক, প্রিয় রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

মো. গোলাম ফারুক : আহ্বায়ক, ব্যবস্থাপনা কমিটি, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

শেয়ার করুন