দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ শপথ সনাক, ইয়েস ও এসিজির সদস্যদের

চাঁপাইনবাবগঞ্জে সচেতন নাগরিক কমিটি (সনাক)’র উদ্যোগে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা শহরের শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জে সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র দেড় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সনাক সহসভাপতি মো. আসরাফুল আম্বিয়া সাগর। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র ঢাকা কার্যালয়ের কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করার বিষয়ে সনাক, ইয়েস ও এসিজি’র করণীয় নিয়ে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানে টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. শফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সনাকের বিগত এক বছরের অর্জন, চ্যালেঞ্জ, শিখন ও অগ্রগতির দিকগুলো তুলে ধরেন।
মুক্ত আলোচনায় সনাক, ইয়েস এবং এসিজি’র সদস্যবৃন্দ স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করেন।
আলোচনায় অংশ নেন— সনাক সদস্য মো. মজিবুর রহমান, মো. জাহেদুল আবেদীন মিঠু, কানাই চন্দ্র দাস, মো. শহিদুল হক ও মো. এনামুল হক।
আলোচনা শেষে সনাক সদস্য সেলিনা বেগমের নেতৃত্বে উপস্থিত সকলে দুর্নীতিবিরোধী শপথ পাঠের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।