দেশে ২৬ দিনে রেমিটেন্স এসেছে ১৯৩ কোটি ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৬ দিনে ১৯৩ কোটি ৩০ লাখ (প্রায় ১.৯৩ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ (এক ডলার ১২২ টাকা ধরে) প্রায় ২৩ হাজার ৫৮২ কোটি ৬০ লাখ টাকা।
রবিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাইয়ের প্রথম ২৬ দিনে ১৯৩ কোটি ৩০ লাখ ডলারের রেমিটেন্স এসেছে দেশে, যা গতবছরের একই সময়ে (২০২৪ সালের জুলাইয়ের ২৬ দিন) ছিল ১৫৫ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে গতবছরের একই সময়ের তুলনায় ৩৭ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় ৪ হাজার ৫৬৩ কোটি টাকা বেশি এসেছে।
এর আগে সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসী বাংলাদেশীরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন প্রায় ২৮১ কোটি ৮০ লাখ (২.৮২ বিলিয়ন) ডলারের রেমিটেন্স। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩৪ হাজার ৪০৪ কোটি টাকার বেশি। ওই মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৪০ লাখ ডলার বা ১ হাজার ১৪৭ কোটি টাকা। একক মাস হিসেবে এটি তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স।
আগের মাস মে মাসে দেশে এসেছে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তার আগে মার্চ মাসে সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত পুরো সময়ে মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিটেন্স আসে। আগস্টে আসে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলারের রেমিটেন্স আসে। পরের মাস জানুয়ারিতে আসে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার, এপ্রিলে আসে ২৭৫ কোটি ডলার, মে মাসে ২৯৭ কোটি ডলার এবং সবশেষ জুন মাসে এসেছে ২৮২ কোটি ডলারের রেমিটেন্স।