ধর্ষকের ফাঁসির দাবিতে নাচোলে বিক্ষোভ শিক্ষার্থীদের

ধর্ষকদের ফাঁসির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাধারণ ছাত্রসমাজের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নাচোল পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
‘বাংলাদেশে আইন চাই, ধর্ষকের ফাঁসি চাই’- এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন- সোনাইচন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির এলাকা পরিচালক ওবাইদুর রহমান, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোস্তফা কামাল, শিক্ষার্থী মিনহাজুল ইসলাম ও খাদিজা খাতুন মিম।
পরে জেলাপরিষদ ডাকবাংলো চত্বরে মিলিত হয়ে সকল ধর্ষকের ফাঁসি দ্রুত বিচার ট্রাইব্যুনালে কার্যকরের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ও সচিব বরাবর একটি স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।