শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ধলেশ্বরী নদীতে ফেরি দুর্ঘটনায় নিহত ৩

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।
গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলী ও নরসিংপুর ঘাটের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশের ডুবুরি দল। এর কয়েক ঘণ্টা ঘটনার পর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।
নিহতরা হলেন— সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেলচালক মো. রফিক (৩৫) ও ভ্যানচালক মো. স্বাধীন (২৫)।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে নরসিংপুর ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরি বক্তাবলী ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিটি মাঝ নদীতে পৌঁছালে এতে থাকা একটি ট্রাক হঠাৎ চালু হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশাভ্যানকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ফেরির রেলিং ভেঙে ট্রাকসহ পাঁচটি যানবাহনই নদীতে পড়ে যায়। ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিনজন। খবর পেয়ে রাতেই নৌপুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে।
মোটরসাইকেলচালক রফিক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ভ্যানচালক স্বাধীন এবং মাসুদ নামে আরো দুই নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান এ বিষয়ে বলেন, ফেরি দুর্ঘটনায় আহত হয়ে রফিক নামের একজন হাসপাতালে মারা গেছেন। নিখোঁজ স্বাধীন ও মাসুদ নামের দুজনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

শেয়ার করুন