নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত একজন

নওগাঁ জেলার মান্দায় দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাককে পাথরবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে একজন হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে এখন পর্যন্ত নিহত ও আহতর নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীগামী একটি বালুবোঝাই ট্রাক সড়কের পাশে দাঁড়ানো ছিল। এ সময় একই দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ট্রাকটি রাস্তায় উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই পাথরবোঝাই ট্রাকের হেলপার নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ট্রাকটির চালককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহত হেলপারের নাম-পরিচয় এখনো জানা যায়নি। নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।