শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নতুন দিগন্তের সন্ধানে রেডিও মহানন্দা
মৌটুসী চৌধুরী

বলতে কত সহজ— ১৪ বছর। অথচ কত চড়াই-উতরাই পার করে আজ এইখানে পৌঁছাতে হয়েছে। তুমি সবার আবেগ, অনুভূতি ও ইচ্ছে প্রকাশের একটি ঠিকানা। যার মাধ্যমে অনেক নতুন বন্ধু পেয়েছি আমরা। চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি মানুষ এই নামের সাথে পরিচিত। শুরু থেকেই নতুন দিগন্তের সন্ধানে একটার পর একটা জানালা খুলেছে। অবারিত দুয়ার খুলেছে, যে যখন পেরেছেন এসেছেন নতুনের আবাহন নিয়ে, কথা বলেছেন সম্ভাবনার। মহানন্দা নদী তার বুক চিরে যেমন চাঁপাইনবাবগঞ্জের সভ্যতা গড়ে তুলেছে, একইভাবে রেডিও মহানন্দাকে কেন্দ্র করে গড়ে তুলেছে মানবমনন। চাঁপাইসহ গোটা বরেন্দ্র অঞ্চলকে, তুলে ধরছে আদি ইতিহাস-ঐতিহ্যের মাধ্যমে। ২০১১ সালের ২৮ ডিসেম্বর রেডিও মহানন্দার পথচলা শুরু। এরপর ১, ২, ৩… করতে করতে ১৪ বছর পার করে আজ ১৫তে পা দিল রেডিও মহানন্দা।
রেডিও মহানন্দা শ্রোতাদের শুধু বিনোদন নয়, শিক্ষণীয় বিষয়গুলোও তুলে ধরে। তথ্যপ্রযুক্তির এই যুগে শ্রোতাদের সাথে তাল মিলাতে একটি বড় মাধ্যম হয়ে উঠেছে রেডিও মহানন্দা। ফোন, এসএমএসের পাশাপাশি ফেসবুকে লাইভ, কমেন্টে শুধু মনের কথাই না, এই পেজে বিভিন্ন স্থানীয় ও জাতীয় খবর, উন্নয়নমূলক ও বিনোদনধর্মী বিষয়গুলোও পোস্ট করা হয়। এখন অনলাইনের মধ্য দিয়ে বিশ্বের প্রায় সকল বেতারপ্রেমী শ্রোতাদের কাছে রেডিও মহানন্দা একটি আলাদা জায়গা করে নিয়েছে। শতাব্দী পেরিয়ে সম্প্রচার জগৎ এখন অনেকটা পরিপূর্ণ।
তবে সম্প্রতি এফএম রেডিওর সহজলভ্যতা, স্মার্টফোনে অ্যাপসের মাধ্যমে শোনা আরো জনপ্রিয় হয়ে উঠেছে। এসব কমিউনিটি রেডিওর মাধ্যমে ফুটে উঠেছে প্রান্তিক জনগোষ্ঠীর আচার-আচরণ ও সংস্কৃতির বিভিন্ন দিক। রেডিও মহানন্দার মূল লক্ষ্য হলো, গণমাধ্যমে স্থানীয় মানুষের সরাসরি অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করার মধ্য দিয়ে তথ্য বিনিময়, স্বচ্ছতা, জবাবদিহিতা, শিক্ষা ও উন্নয়নে এবং প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে কাজ করা। শুধু তাই নয়, কৃষক থেকে শুরু করে গৃহিণীদের জন্য রয়েছে বিনোদনমূলক ও শিক্ষণীয় অনুষ্ঠান।
যেই অনুষ্ঠানগুলো রেডিও মহানন্দায় সম্প্রচার করা হয় তা হচ্ছে কৃষিবিষয়ক অনুষ্ঠান ‘কৃষি ও জীবন’, শিশুদের অংশগ্রহণ বিষয়ক অনুষ্ঠান ‘চাঁদের হাসি’, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন গ্রাম পরিচিতিমূলক আয়োজন ‘হাঁরঘে গেরাম’, সাঁওতাল আদিবাসীদের সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান ‘বাহা-সান্দিস’, গম্ভীরা গানের অনুষ্ঠান ‘গামছা মাথল’, নারীদের স্বাবলম্বিতা বিষয়ক অনুষ্ঠান ‘আপন শক্তি’, শ্রোতাদের অংশগ্রহণমূলক অনুষ্ঠান ‘ইচ্ছে দুয়ার’, ইসলামী ম্যাগাজিন অনুষ্ঠান ‘আলোর সন্ধানে’, বিভিন্ন অজানা তথ্য নিয়ে অনুষ্ঠান ‘জানা অজানা’, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গানের অনুষ্ঠান ‘ক্যাফে মহানন্দা’, বিশিষ্ট বরেণ্য ব্যক্তিদের জীবনগাঁথা নিয়ে সাজানো অনুষ্ঠান ‘মনীষীদের কথা’, দেশ এবং দেশের বাইরে থেকে আসা অতিথিদের নিয়ে অনুষ্ঠান ‘কাছে থেকো বন্ধু’, বিখ্যাত মনীষীদের জন্মদিন-মৃত্যুদিন ও দিবস নিয়ে অনুষ্ঠান ‘ফিরে দেখা’ অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।
আরো একটি বিষয় হলো, বর্তমানে ডেঙ্গু বা যে কোনো সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান তৈরি করছে বা আপডেট দিচ্ছে রেডিও মহানন্দা। যার কারণে আরো বেশি করে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা লাভ করছে রেডিও মহানন্দা। এছাড়াও স্থানীয় ও দৈনন্দিন ঘটনাপ্রবাহ নিয়ে সংবাদভিত্তিক অনুষ্ঠান ‘আজকের চাঁপাইনবাবগঞ্জ’-এ ঘটে যাওয়া ঘটনাগুলো থাকেই। প্রতিদিন দুটি করে লাইভ ‘কথাবন্ধু’ অনুষ্ঠান তো রয়েইছে।
বর্তমানে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মুখে পড়তে হয় রেডিও মহানন্দাকে। তারপরও সব ধরনের প্রতিকূলতা অতিক্রম করে ছুটে চলেছে সামনের পথে। এতকিছুর পরেও বিভিন্ন অনুষ্ঠানগুলো লাইভ ভিডিও করা, যেখানে সাথে সাথেই শ্রোতারা অংশগ্রহণ করতে পারছে এবং তাদের মতামত জানাতে পারছে।
রেডিও মহানন্দার এক জরিপে দেখা গেছে, দেশের বহু প্রত্যন্ত এলাকায় সংবাদপত্র পৌঁছায় না। সেইসব অঞ্চলের মানুষগুলো রেডিও মহানন্দার খবরভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে ‘আজকের চাঁপাইনবাবগঞ্জ’র ওপর নির্ভর করে। তাদের কথা মাথায় রেখেই স্থানীয় ও দৈনন্দিন ঘটে যাওয়া বিষয়গুলো খবরে প্রচার করে থাকে রেডিও মহানন্দা; যা প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, রাত ৯টা ৩০ মিনিট এবং রাত ১১টা ৩০ মিনিটে সম্প্রচার হয়ে থাকে।
শহর থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত কাজ করার দ্বার খুলে দিয়েছে রেডিও মহানন্দা। পশ্চাৎপদতার শৃঙ্খল ভেঙে তৃণমূল ক্ষেত্র থেকে মেয়েরা উঠে আসছে।
অনেক ধরাবাধা নিয়ম আছে, অনেক সমস্যা আছে; সেগুলোকে মানিয়ে নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপন গতিতে। যেহেতু এটি কমিউনিটি রেডিও, সেহেতু এই রেডিওটিও কিছু নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারী এবং স্বেচ্ছাসেবক দ্বারা পরিচালিত হচ্ছে। এছাড়াও প্রয়াসের নির্বাহী কমিটি রেডিও মহানন্দা সরাসরি পরিচালনা করলেও সরকারের নির্দেশনা মোতাবেক রেডিও মহানন্দার উন্নয়ন, স্থায়িত্ব ও গতিশীলতা নিশ্চিত করতে স্থানীয়ভাবে ১০ সদস্যবিশিষ্ট একটি ব্যবস্থাপনা কমিটি এবং ১৪ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি রয়েছে। উপদেষ্টা কমিটির সভাপতি হিসেবে রয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার। আর অন্য সদস্যগণ একান্তই স্বেচ্ছাসেবী মনোভব নিয়ে তাদের মূল্যবান অবদান রাখছেন।
সবার আন্তরিকতা ও ভালোবাসায় রেডিও মহানন্দা ১৪ বছরে অনেক চড়াই-উতরাই পার করতে পেরেছে বা পারছে। নতুন-পুরাতনের ভিড়ে অনেকে গেছেন, আবার অনেকে এসেছেন। জীবন-জীবিকার তাগিদে হয়তো কেউ চিরস্থায়ী নয়, কিন্তু রেডিও মহানন্দা তাদের মনে রাখবে চিরদিন। সবার মাঝে হাজার বছর বেঁচে থাক রেডিও মহানন্দা।

মৌটুসী চৌধুরী : সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর), রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

শেয়ার করুন