নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ : বিভিন্ন অনিয়মের অভিযোগ শিক্ষার্থীদের

চাঁপাইনবাবগঞ্জে কর্মদিবসে অনুপস্থিতি, দায়িত্বে অবহেলা, বিধি বর্হিভূতভাবে কলেজের গেস্টরুমে অবস্থান, আর্থিক অনিয়ম, শিক্ষার সুষ্ঠ পরিবেশ তথা কলেজকে মাদকমুক্ত রাখায় ব্যর্থতার অভিযোগে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আওয়ালের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে ‘উক্ত কলেজের সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
একপর্যায়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে গিয়ে তার অপসারণ দাবি করেন। পরে দীর্ঘক্ষণ অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা চলে। এসময় অধ্যক্ষ আব্দুল আওয়াল কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন।
দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে কলেজ শিক্ষকরা সমস্যা সমাধানে আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ তুলে নেন।
শিক্ষার্থী তারেক আজিজ অভিযোগ করে বলেন, অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আওয়াল ফেব্রুয়ারি মাসে কলেজে যোগদানের পর থেকেই নানা অনিয়ম করে আসছেন। তিনি সরকারের কাছ থেকে বাড়ি ভাড়া পেলেও কলেজের গেস্টরুমে বসবাস করে আসছেন। তিনি সপ্তাহে তিন দিন ক্যাম্পাসে থাকেন না।
শিক্ষার্থীদের সকল অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ আব্দুল আওয়াল বলেন— আমার নামে একটা দুর্নীতি দেখাতে পারলে আমি চাকরি ছেড়ে চলে যাবো।
অনার্সে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ আওয়াল বলেন— সব টাকা ব্যাংকের মাধ্যমে নেয়া হচ্ছে। ক্যাম্পাসে মাদক সেবনকারীদের বিরুদ্ধে আমি এরই মধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। নির্মাণকাজে শতভাগ স্বচ্ছতা আছে এবং এর সব আয়-ব্যয় প্রয়োজনে জনসম্মুখে প্রকাশ করা হবে। তিনি ছাত্রদের ন্যায়সঙ্গত দাবিগুলো সাধ্যমত পূরণের চেষ্টা করবেন বলে জানান।