নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ
চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন দুই ভাই
- হত্যাসহ তিন মামলা দায়ের, একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহতদের মধ্যে দুই ভাই মারা গেছেন। গত বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মারা যাওয়া দুই ভাই হলেন— উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কইল সাহাপুকুর গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে মিলন (৬০) ও তার ভাই আলম (৫৫)।
এ ঘটনায় বুধবার রাতে মিলন আলীর ছেলে সাদেক আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আলাদা আরো দুটি মামলা দায়ের করা হয়েছে। হত্যা মামলায় ৮১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি বলেন— বুধবার রাত ৮টার দিকে মিলন ও ৯টার দিকে আলম মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রবিবার প্রতিপক্ষের হামলায় একজন আহত হন। তারই জেরে গত মঙ্গলবার সকালে পাল্টা হামলা চালায় অপরপক্ষ। এ হামলায় নারীসহ ১৪ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্র আরো জানিয়েছিলন, রবিবার যে ব্যক্তি হামলার শিকার হন তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থক এবং মঙ্গলবার যারা হামলার শিকার হয়েছেন তারা বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা আবু তাহের খোকনের সমর্থক।
এদিকে সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক নয় বলে দাবি করেন দুই পক্ষের নেতারা। সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেছিলেন, ঘটনাটি রাজনৈতিক নয়। এটি সম্পূর্ণ স্থানীয় বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। অপরদিকে বিএনপি নেতা আবু তাহের খোকনও দাবি করেছিলেন স্থানীয় বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।