শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোলে এক আদিবাসীর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিলের পানি নিষ্কাশনের খাড়ি থেকে ঢেনা মুর্মু (৫০) নামে এক আদিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া ঢেনা নাচোল ইউনিয়নের পীরপুর শাহানাপাড়া গ্রামের বুদ্ধাই মুর্মুর ছেলে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, সোমবার একই ইউনিয়নের ঝিকড়া গ্রামে ঢেনা মুর্মু তার ভাগ্নি মরিয়ম মার্ডির মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। অনুষ্ঠান শেষে ভাগ্নির বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হয়। ভাগ্নি মরিয়মের পরিবার জানে ঢেনা নিজ বাড়িতে গেছেন, আর ঢেনার পরিবার মনে করে ভাগ্নি মরিয়মের মেয়ের বিয়ে খেতে গিয়ে সে সেখানেই অবস্থান করছে। এমনটা মনে করে তার পরিবার তাকে খোঁজাখুঁজি করেনি। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ খাড়িতে ভেসে থাকতে দেখে স্থানীয়রা নাচোল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঢেনার মৃতদেহ উদ্ধার করে। ঢেনার স্বজনরা মৃতদেহটি শনাক্ত করে।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিয়েবাড়িতে ঢেনা মুর্মু অতিরিক্ত মদ (চুয়ানি) পান করে বাড়ি ফেরার পথে খাড়িতে পড়ে মারা যেতে পারে। আজ  বৃহস্পতিবার ঢেনার মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন