নাচোলে দুদকের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূরুল আওয়াল।
“প্রাতিষ্ঠানিক নজরদারি দুর্নীতি প্রতিরোধে প্রধান ভূমিকা রাখতে পারে” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে উপজেলা স্কুল বনাম সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে রাজবাড়ী কলেজ বনাম মির্জাপুর কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মাধ্যমিক পর্যায়ে উপজেলা স্কুল এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে রাজবাড়ী কলেজ চ্যাম্পিয়ন হয়। মাধ্যমিক পর্যায়ে উপজেলা স্কুলের সোলাইমান রহমান ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে রাজবাড়ী কলেজের শিক্ষার্থী হাবিবা আশরাফি শ্রেষ্ঠ বিতার্কিক বিবেচিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন- নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক।