শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোলে পেঁয়াজ বীজ চাষ বিষয়ে মাঠ দিবস

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আলমপুরে পেঁয়াজ বীজ চাষবিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল সোমবার সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এই মাঠ দিবসের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন- নাচোল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সলেহ আকরাম। এসময় তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কষ্ট করছেন বলেই আমরা খাবার পাচ্ছি, আপনাদের কষ্টে অর্জিত হয় ভালো ফসল। তিনি আরো বলেন, এবার বৃষ্টি কম হওয়ায় পেঁয়াজ বীজের ভালো ফলন হয়েছে। যার ফলে বীজের কোনো ক্ষতি হয়নি।
তিনি আরো বলেন, কৃষি হচ্ছে আবহাওয়ার ওপর নির্ভরশীল। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কৃষির জন্য ভালো। ফসলের জন্য সাদামাছি পোকা ক্ষতিকারক, এই মাছি নিজে ফসলের ক্ষতি করে এবং বিভিন্ন রোগের জীবাণু বহন করে। সাদা মাছি দেখা মাত্রই এটাকে নিধন করতে হবে।
সলেহ আকরাম বলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি পেঁয়াজ বীজ চাষে কৃষকদের সহায়তা করছে, এটা চমৎকার উদ্যোগ। পেঁয়াজ ছাড়া আমাদের দিনই যায় না। তাই আমাদেরকে পেঁয়াজ চাষ আরো বাড়াতে হবে। এর জন্য আমাদের ভালো বীজ দরকার। ভালো বীজ উৎপাদন করতে পারলে এটা বিক্রি করতে সুবিধা হবে, কৃষকরাও লাভবান হবেন।
মাঠ দিবসে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, ব্যাবিলন এগ্রি সাইন্সেস (দক্ষিণ অঞ্চল)’র সহকারী ব্যবস্থাপক কৃষিবিদ ইসরাফিল হোসেন, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ও সিফাত উল্লাহ।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

শেয়ার করুন