নাচোলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে মতবিনিময় ও খাদ্যসামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকার ভিন্ন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভা ও দুই শতাধিক হিন্দু সম্প্রদায়ের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাচোল পৌর শাখার উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বুধবার বিকেলে বেগম মহসিন ফাজিল মাদ্রাসা চত্বরে পৌর জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় ও খাদ্যসামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক ড. মু. মিজানুর রহমান।
নাচোল পৌর শাখার আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা শাখার আমির প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারি খলিলুর রহমান।
প্রধান অতিথি বলেন— অতীতে যারা সনাতন ধর্মাবলম্বীদের ৫ দফা দাবি বাস্তবায়নের নির্বাচনে ইশতেহার দিয়ে ভোট নিয়েছেন, কিন্তু ইশতেহার বাস্তবায়ন করেনি, তারা সনাতনীদের ধোঁকা দিয়েছে।
জামায়াতে ইসলামী ধোঁকা দেওয়ার রাজনীতি করে না— উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি উত্থাপিত হয়েছে। কেবল এই ৮ দফা দাবিই নয়, যৌক্তিক ও ন্যায্য সব দাবি পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করবে।
প্রধান অতিথি মতবিনিময় শেষে ২ শতাধিক হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। পরে বাদ মাগরিব পৌর এলাকায় গণসংযোগ করেন।