নাচোলে মেহমানদারীর ২৪তম আয়োজন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল মেহমানখানার ২য় বছর পূর্ণ হয়েছে। এউপলক্ষে অসহায়দের মেহমানদারীর দ্বিতীয় বর্ষ তথা ২৪তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার এই আয়োজন পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের সাবেক এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মেহমানখানার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাবেক এমপি বলেন, এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। যারা এ আয়োজন করে আসছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে সংগঠনের সভাপতি কবির হোসেন বলেন, আমরা সমাজের বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে ২ বছর ধরে এ আয়োজন সফলতার সঙ্গে পালন করে আসছি। সমাজের বিত্তবানরা এ আয়োজনে অংশগ্রহণ করলে আগামীতে এ আয়োজন আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
মেহমানখানার সাধারণ সম্পাদক নাজমুল জানান, শুরু থেকে যারা আজ অবধি ২৪টি আয়োজনে আমাদের মেহমানখানার পাশে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি রুবেল, বাবু, দুলাল, সোহেল, আশিক, সুমন, বারি, আহাদ, শোভন, বড়কাসহ ছোটরা যারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে রান্না-বান্না, খাওয়া দাওয়াসহ সব আয়োজনে পাশে থাকেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।