নাচোলে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধানের চারা রোপণ শুরু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে বোরো ধানের সমলয়ে চাষাবাদে ব্লক প্রদর্শনী স্থাপনের লক্ষে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
বুধবার দুপুর ১২টার দিকে নাচোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে নাচোল ইউনিয়নের পীরপুর সাহানাপাড়া বাঘরাইলে ৯ নম্বর ব্লকে আনুষ্ঠানিকভাবে ধানের চারা রোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, ৭-৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য নাজিরা পারভীন।
এছাড়াও উপ-সহকারী কর্মকর্তা আব্দুর রাকিব, রুহুল আমিনসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করতে চালক ছাড়া আর কোনো শ্রমিক লাগে না। ৬০০ টাকা খরচে এক বিঘা জমিতে ধান লাগানো যায় বলে জানান রাইস ট্রান্সপ্লান্টার চালক।
কৃষি অফিস জানায়, এ পদ্ধতিতে চারা রোপণ করায় কৃষকদের ব্যয় সাশ্রয় হচ্ছে প্রতি একর জমিতে প্রায় ৩ হাজার টাকা। কৃষির বিপ্লব ঘটাতে নাচোলে ট্রেতে প্রথম বীজ তৈরি এবং রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করা হচ্ছে। যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণ ২.০-২.৫ সেন্টিমিটারের মধ্যে সীমিত শিকড় দ্বারা আবদ্ধ মাটিযুক্ত। তবে বিশেষ ধরনের চারা উৎপাদনে এক ধরনের প্লাস্টিক ট্রে অথবা পলিথিন সিটের ওপর বিশেষ ব্যবস্থায় প্লাস্টিক ট্রে ও পলিথিন ম্যাট পদ্ধতিতে তৈরি করতে হয় বীজতলা।
তবে কৃষি শ্রমিকের সংকটই কৃষকদের এই মেশিন ব্যবহারে উদ্বুদ্ধ করছে বলে জানায় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি অফিস জানিয়েছে, একটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের দাম সাড়ে ৩ লাখ টাকা। তবে অর্ধেক টাকা দিলেই কৃষি ভর্তুকির মাধ্যমে পাওয়া যায় এই মেশিন।